November 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-কানাডা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশ-কানাডা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ (Weldon Epp) তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ-কানাডা ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) বৈঠকে সহ-সভাপতিত্ব করতে তিনি বর্তমানে ঢাকা সফর করছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে কানাডার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দুই দেশের মধ্যে সম্পর্ক ও যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছে।

প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভাবনা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম সৃজনশীল অর্থনীতির (ক্রিয়েটিভ ইকোনমি) গুরুত্ব এবং এ খাতে নারীদের অংশগ্রহণ ও অবদানের বিষয়েও আলোকপাত করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এ বাণিজ্য আরও বহুমুখীকরণ এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় কানাডার অবদানের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখার কানাডার আশ্বাসকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজতর করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের মাধ্যমে আরও বেশি দক্ষ ও যোগ্য জনশক্তির বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টিতে সরকারের অবস্থান তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের প্রতি কানাডার ধারাবাহিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় কানাডার সমর্থনের জন্যও ধন্যবাদ জানান তিনি। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা, ১৯ নভেম্বরের আইসিজে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সহযোগিতা কামনা করেন।

Scroll to Top