ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্বাক্ষরিত এই চুক্তিকে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ হিসেবে অভিহিত করা হয়েছে। চুক্তির আওতায় তিন দেশের মধ্যে একটি সমন্বিত যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, চুক্তিভুক্ত তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও সম্মিলিতভাবে প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হবে।
চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হলো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। একই সঙ্গে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে দেশ তিনটি।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এই চুক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি আঞ্চলিক ও আঞ্চলিক সীমার বাইরেও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার সংকল্প ব্যক্ত করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
তবে চুক্তিতে সামরিক সহযোগিতা, কমান্ড কাঠামো কিংবা সম্ভাব্য যৌথ অভিযান পরিচালনার বিষয়ে বিস্তারিত কোনো কাঠামো প্রকাশ করা হয়নি।











