ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Bangladesh High Commission New Delhi গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী Raghu Rai-এর প্রতি বিদায় জানিয়েছে। “ফ্রেন্ড অব বাংলাদেশ” হিসেবে পরিচিত এই কিংবদন্তি আলোকচিত্রীকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে আলোকচিত্রের জগতে এক উঁচু আসনে অধিষ্ঠিত রঘু রায়কে অনেকেই ভারতের ফটোগ্রাফির পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন। বাংলাদেশেও প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি সৃজনশীলতা, শিল্প ও নান্দনিকতার এক অনন্য প্রেরণা হিসেবে পরিচিত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়, মাত্র ২৯ বছর বয়সে কলকাতার দ্য স্টেটসম্যান-এর ফটোসাংবাদিক হিসেবে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। যুদ্ধের বিভীষিকা, শরণার্থী শিবিরের দুর্দশা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের চিত্র তিনি নিজের ক্যামেরায় ধারণ করেন। জীবনবিপন্ন পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে কাজ চালিয়ে যান, যা পরবর্তীতে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রঘু রায় পরবর্তীতে জানান, মুক্তিযুদ্ধের সময় দেখা ভয়াবহতা তাকে ১৯৪৭ সালের দেশভাগের সময় নিজের পরিবারের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
পরবর্তীতে ২০১৩ সালের ২৪ মার্চ বাংলাদেশ সরকার তাকে “ফ্রেন্ড অব বাংলাদেশ” মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে। ওই সম্মাননায় উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে তার তোলা ছবি যুদ্ধক্ষেত্র ও শরণার্থী শিবিরের বাস্তব চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল এবং তার প্রদর্শনীগুলো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া জাগায়।
বাংলাদেশে তার প্রতিটি সফরে মানুষ তার গভীর মানবিকতা, বিনয় এবং বাংলাদেশের প্রতি আন্তরিক ভালোবাসায় মুগ্ধ হয়েছে। তার অবদান ও স্মৃতি বাংলাদেশের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে।











