April 28, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে এবং সেসব আলোচনা থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও পেশাদার সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিশেষায়িত খাতে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে। এর মাধ্যমে দেশের তরুণ সমাজ উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন। মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

বৈঠকে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Scroll to Top