ডেস্ক রিপোর্টঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার ভবিষ্যতে স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনা করছে।
তিনি উল্লেখ করেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২ মে, ২০২৬) টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের স্বাস্থ্যসচেতনতা বিষয়ক এক প্রচারণা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে জন্মগত ঠোঁট ও তালুকাটা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
মন্ত্রী বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোর ওপর বিশেষ নজরদারি জোরদার করা হবে।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য সংশ্লিষ্টদের মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং আগত রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়কের দায়িত্ব পালন করেন মন্ত্রীর সহধর্মিণী ডা. রেশমা আনাম।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ক্যাম্পের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানবাধিকার বিষয়ক সহসম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র।
এর আগে মন্ত্রী মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।











