June 27, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের: মাহদী আমিন

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের: মাহদী আমিন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডোর (ইকোনোমিক করিডোর) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার (২৬ জুন, ২০২৬) চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।

বৈঠক শেষে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকে দুই দেশের কানেক্টিভিটি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব আসে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য ও লেনদেন সম্প্রসারণ এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়নই হবে মূল লক্ষ্য।

মাহদী আমিন আরও জানান, বৈঠকে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন এবং এটিকে একটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। তিনি বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, বরং প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক কার্যক্রমেও যাতে চট্টগ্রাম বন্দর কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই সহযোগিতা করতে চায় বেইজিং।

এছাড়া মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আরও সেবামুখী ও প্রতিযোগিতামূলক বন্দরে পরিণত করার ক্ষেত্রেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

উল্লেখ্য, চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

Scroll to Top