ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সংগঠন দ্য আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (AmCham Bangladesh)-এর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল অ্যামচ্যামের নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অর্থমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় করা।

অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল-এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলা আহমদ, কোষাধ্যক্ষ রেজা-উর-রহমান মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান ভূঁইয়া, রাশেল মামুন, আতাউর রহিম চৌধুরী এবং সদস্য মো. মঈনুল হক, সাব্বির আহমেদ ও মমশাদ খান।

বৈঠকে প্রতিনিধি দল বাংলাদেশের জ্বালানি, বীমা, আর্থিক সেবা, ডিজিটাল অর্থনীতি, এফএমসিজি এবং তৈরি পোশাক (RMG) খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ধারাবাহিক অবদানের বিষয়টি তুলে ধরে। একই সঙ্গে দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে বেসরকারি খাতের বিভিন্ন মতামত ও সুপারিশ উপস্থাপন করা হয়।
প্রতিনিধি দল ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে প্রবৃদ্ধিমুখী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করলেও এর কাঙ্ক্ষিত সুফল অর্জনের জন্য কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে।
বৈঠকে বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদার করা, নীতিগত স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সরকার ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।











