ডিপ্লোম্যাটিক ডেস্ক:
চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন, ২০২৬) চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত পিপলস হিরোজ মনুমেন্টে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা।











