ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) রাতে তিনি পল্লবীর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় প্রধানমন্ত্রী রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা। তাদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই ঘটনার বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তিনি রামিসার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথাও জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ। তিনি রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান, আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম এবং শফিকুল আলম মিল্টন।











