May 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক গড়ে উঠলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

রবিবার (১০ মে ২০২৬) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুলিশের ‘কল্যাণ প্যারেড’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।”

তিনি বলেন, “পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য।”

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, “পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হোক আস্থা ও নির্ভরতার। যে কোনো বিপদে-আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে।”

তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সাধারণ মানুষ যখন বিপদে পড়ে থানায় যায়, তখন পুলিশের আচরণে যেন তারা রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা পুলিশের দায়িত্বের অংশ।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আইনি সহায়তা পেতে সাধারণ মানুষ প্রথমেই থানায় আসে এবং পুলিশের সহায়তা চায়। তাই জনগণের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর পুলিশ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহার আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও ফরেনসিক সুবিধা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, “অস্ত্রের শক্তির চেয়ে মানবিকতা, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যই আমাদের প্রধান শক্তি। আমাদের পথ সহজ নয়, কিন্তু উদ্দেশ্য মহৎ। আমরা একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ, আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top