June 25, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে ৭-৮ জুলাই

বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে ৭-৮ জুলাই

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু, মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বৈঠকটি উভয় দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর আওতায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রেরিত ‘ইউকে লেটার’-এর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

বৈঠকে অভিবাসন অপরাধ প্রতিরোধ, ‘পুলিশ রেফারেল প্রোগ্রাম’ বাস্তবায়ন, অবৈধভাবে পাচারকৃত অর্থ ও সম্পদ শনাক্তকরণ এবং সেগুলো পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। এ সময় রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের, উপসচিব মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top