May 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দেশের জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দে ধাপে ধাপে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী

দেশের জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দে ধাপে ধাপে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্ট:

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেছেন, দেশের জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ধাপে ধাপে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীনা দূতাবাস এবং চীন-বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত চায়না-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন ফোরাম-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সিলেবাস, কারিকুলাম ও শিক্ষাপঞ্জি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ ও চীন যৌথভাবে সাধারণ ও কারিগরি শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় করতে চায় এবং এ ক্ষেত্রে শিক্ষা হবে সেই সম্পর্কের মূল ভিত্তি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাই তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম হয়।

ফোরামে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানের পর শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

Scroll to Top