ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি ৭ দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন।
শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন। একই দিন বিকাল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
সফরকালে ডা. শফিকুর রহমান জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে।











