March 26, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Image

ডেস রিপোর্টঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) ভোরে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুর বেজে ওঠে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজারে গিয়ে তিনি প্রথমে রাষ্ট্রীয়ভাবে এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

Scroll to Top