নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি, নির্বাচন পরিচালনা, ঐক্যবদ্ধ কৌশল এবং সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বৈঠক শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি নির্বাচন ও গণভোটকে ঘিরে ১১ দলীয় ঐক্যের অবস্থান ও করণীয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।











