June 23, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দরে চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৫টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী World Economic Forum-এর সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ তিনি প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।

মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং পরে সীমিত পরিসরের বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২১ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন। মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তাঁর বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান তাঁকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

Scroll to Top