June 25, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ভেনিজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহতের শঙ্কা

ভেনিজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহতের শঙ্কা

Image

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এতে একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট Delcy Rodríguez বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (২৪ জুন) মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়।

ভূমিকম্পের পর আতঙ্কিত হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। রাজধানীসহ বিভিন্ন শহর ও গ্রামে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

সরকারি সূত্র জানিয়েছে, মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আরও আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিভিন্ন হাসপাতাল আহতদের চিকিৎসায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করেছে।

Scroll to Top