June 22, 2026

শিরোনাম

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর দিল বাংলাদেশ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবেদ ইসলাম (এমপি) তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ড. ফাতমা মেরিচ ইলমাজের সঙ্গে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি সোমবার (২২ জুন, ২০২৬) সকালে প্রতিমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

২০২৬ সালের ৪-৬ জুন তারিখে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর এবং সেই সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এটিকে বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে এবং টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেন এবং এ ব্যাপারে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সমর্থনের আহ্বান জানান।

মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উদারতা এবং বছরের পর বছর ধরে বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার গভীর প্রশংসা করে তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য সংস্থাটির মানবিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধিদল এবং রোহিঙ্গাদের জন্য তুরস্কের প্রদত্ত উল্লেখযোগ্য মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Scroll to Top