June 25, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বায়োটেক ও বায়োসিমিলার খাতে প্রবাসী বিজ্ঞানীদের সম্পৃক্ততায় বাংলাদেশকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বায়োটেক ও বায়োসিমিলার খাতে প্রবাসী বিজ্ঞানীদের সম্পৃক্ততায় বাংলাদেশকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Image

দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে নিতে প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার (২৪ জুন, ২০২৬) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘রোল অব নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) সায়েন্টিস্টস ইন অ্যাডভান্সিং বায়োটেক অ্যান্ড বায়োসিমিলার ড্রাগস ইন বাংলাদেশ’স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন সময় এসেছে বায়োটেকনোলজি ও বায়োসিমিলার ওষুধের মতো গবেষণানির্ভর আধুনিক খাতে আরও বিনিয়োগ ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করার। এ ক্ষেত্রে বিদেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, প্রবাসী গবেষকদের সঙ্গে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার কার্যকর সংযোগ স্থাপন করা গেলে বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। সরকার এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করছে এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।

বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ ও এনআরবি ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক ড. এম আর নাসির উদ্দিন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীদের জ্ঞান ও গবেষণা অভিজ্ঞতাকে দেশের শিল্প ও একাডেমিয়ার সঙ্গে যুক্ত করতে পারলে বায়োটেকনোলজি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন প্রবাসী বাংলাদেশিদের দেশে গবেষণা ও বিনিয়োগে অংশগ্রহণের অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গবেষণাবান্ধব পরিবেশ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে বিদেশে অবস্থানরত অনেক মেধাবী বাংলাদেশি দেশে অবদান রাখতে আগ্রহী হবেন।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, বিজ্ঞান, গবেষণা ও ওষুধ শিল্পের বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের উদ্যোগের সঙ্গে সাংবাদিক সমাজ সবসময় সম্পৃক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত চিকিৎসক ডা. শাহ মো. আমান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহিমা বেগম এবং বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ স্বাস্থ্য ও নীতিনির্ধারণী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও অর্থকণ্ঠের ম্যানেজিং এডিটর এবং এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর সুমাইয়া জামান।

সেমিনার শেষে বিজনেস আমেরিকা ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে বায়োটেক, গবেষণা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

Scroll to Top