বিজনেস ডেস্কঃ
দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফের নেতৃত্বে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আজ রবিবার (২৮ জুন ২০২৬) টোয়াব কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ (হ্যান্ডওভার-টেকওভার) অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় টোয়াবের সাবেক ও নবনির্বাচিত পরিচালকবৃন্দ, সাবেক পরিচালক, সদস্যবৃন্দ এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ভোটারসহ টোয়াবের সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং টোয়াবকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, নীতিগত সহায়তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং টোয়াব সদস্যদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিকে নতুন পরিচালনা পর্ষদের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিদায়ী পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, টোয়াবের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্যের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৬–২০২৮ মেয়াদের জন্য টোয়াবের নির্বাচন গত ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মোহাম্মদ হানিফ নির্বাচিত হন। এছাড়া প্রথম সহ-সভাপতি সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহ-সভাপতি (১) মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি (২) জিয়াউর রহমান জাকির, অর্থ পরিচালক জহির আহমেদ হেলাল, হিসাব পরিচালক মো. জহির উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মো. ফিরোজুল ইসলাম, মিডিয়া ও জনসংযোগ পরিচালক মো. মিজানুর রহমান, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক নাঈমুল হাসান, তথ্যপ্রযুক্তি পরিচালক মোমিনুল ইসলাম আসিফ, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক এ. বি. এম. জাকারিয়া (রাজিব), সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক শাখওয়াত হোসাইন নির্বাচিত হন। এছাড়া পরিচালক পদে মোঃ মহি উদ্দিন সেলিম, তামিম আহমেদ ও মোঃ নুরুল আনোয়ার এবং সহযোগী সদস্য গ্রুপের পরিচালক হিসেবে মো. নাসির উদ্দিন বাদল নির্বাচিত হয়েছেন। আজকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল।











