April 16, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • স্বাধীনতা পুরস্কার-২০২৬ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীনতা পুরস্কার-২০২৬ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল, ২০২৬) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘দাদুর’ সম্মাননা গ্রহণ করেন।

খালেদা জিয়াকে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদান’ রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর মোট সাতজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।

মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিরা হলেন—মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান।

তাঁদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত স্বজনদের মধ্যে ছিলেন ব্যারিস্টার সারা জলিল, ড. তাসনিম আরিফা সিদ্দিকী, বারীশ হাসান চৌধুরী, মনসুর হেলাল, হুমায়ারা বশির এবং তাবাসুম শাহনাজ।

এছাড়া জীবিত ব্যক্তিদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, সংস্কৃতিতে একেএম হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) পুরস্কার গ্রহণ করেন।

প্রতিষ্ঠান পর্যায়ে স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধে অবদান), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসা বিদ্যা), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (পল্লী উন্নয়ন), এসওএস শিশু পল্লী (জনসেবা) এবং গণস্বাস্থ্য কেন্দ্র (জনসেবা)।

প্রতিষ্ঠানগুলোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধি হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আদনান কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান, এসওএস শিশু পল্লীর ন্যাশনাল ডাইরেক্টর ড. এনামুল হক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক বিউটি রানী সাহা পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের রেপ্লিকা, ৩ লাখ টাকা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুপুর ৩টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী আগমন করলে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

Scroll to Top