ডেস্ক রিপোর্ট:
সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২ মে, ২০২৬) বেলা ১টা ২০ মিনিটে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাসিয়া নদী সুরমা নদীর সঙ্গে সংযুক্ত। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষি ও পানি নিষ্কাশনে সমস্যার সৃষ্টি হচ্ছিল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। পরবর্তীতে খালটি ভরাট হয়ে কার্যকারিতা হারায়। বর্তমান সরকার পুনরায় খালটি খননের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, খালটি পুনঃখনন করা হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং আরও প্রায় দেড় লাখ কৃষক পরোক্ষভাবে সুবিধা পাবেন। পাশাপাশি খালের দুই পাড়ের জমিতে ফসল উৎপাদন বাড়বে এবং বছরে অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











