ডেস্ক রিপোর্টঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না।
মন্ত্রী মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমদানি পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে।
সয়াবিন তেলের সরবরাহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এক্ষেত্রে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি সরকার নজরে রেখেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মূল্যস্ফীতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মুক্তাদির বলেন, অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, স্পেকুলেশনের মাধ্যমে বাজারকে প্রভাবিত করা যাবে না। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রকৃত প্রভাব বিবেচনা করেই মূল্য নির্ধারণ করতে হবে।
মন্ত্রী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, আমরা একটি স্থায়ী মূল্য নির্ধারণ ব্যবস্থার দিকে এগোতে চাই, যাতে ভবিষ্যতে বাজার আরো স্থিতিশীল থাকে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











