ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রথম সিঙ্গাপুর সফরকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। সফরকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পাদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর সফরকে ফলপ্রসূ ও সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তাঁর সফরের জন্য শুভকামনা জানান।
শামা ওবায়েদ ইসলামের এই সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও ব্যবসায়িক সহযোগিতার নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।











