ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সহযোগিতায় সরকার সবসময় পাশে থাকবে। নতুন উদ্যোগ গ্রহণের পথ কঠিন হলেও ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য সংযোগ, পরামর্শ, বিনিয়োগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য পথটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া সম্ভব।”

তিনি বলেন, “আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য, আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।”
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এ বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণ শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।
এ সময় নির্বাচিত ছয়টি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে আরও এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। তিনি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে অবহিত হন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সরকারের এ উদ্যোগ দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।











