August 24, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • অসুস্থ সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে তাঁর বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী

অসুস্থ সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে তাঁর বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশের স্বনামধন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশবরেণ্য এ শিল্পীর অসুস্থতার সংবাদ জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আজ শনিবার (৪ জুলাই, ২০২৬) রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তাঁকে সশরীরে দেখতে যান। এ সময় তাঁরা তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে গুণী এ শিল্পীর জরুরি চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন। এছাড়া, ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

Scroll to Top