June 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু হচ্ছে ২৭ জুলাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু হচ্ছে ২৭ জুলাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

জাপান ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পর্কের বাস্তবতায় আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন, ২০২৬) রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছিল। সে সময় বাণিজ্যিক কার্যকারিতা, বিমান সংকট এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারের বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বাণিজ্যিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, সরকারের নির্দেশনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৩০ জুনের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছিল। তবে জাপানের সিভিল এভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৭ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হবে, যাতে যাত্রীদের জন্য টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হয়। পরবর্তীতে বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করা হবে।

মন্ত্রী আরও জানান, আগামী ২০ জুন থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। টিকিট বিমানের ওয়েবসাইটসহ সব ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন বা পুনরায় চালু হওয়া কোনো রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে সময় লাগে। বাজারে অবস্থান তৈরি, যাত্রী আস্থা অর্জন এবং চাহিদা বৃদ্ধি ধাপে ধাপে ঘটে। তবে কার্যকর বিপণন কৌশল, যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটের সম্ভাবনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, জাপানে বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং সরকারি পর্যায়ে কানেক্টিভিটি উন্নয়নের উদ্যোগের ফলে এই রুটে ফ্লাইট পরিচালনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিকল্পনা ও বিপণন কার্যক্রমের মাধ্যমে রুটটিকে দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই করে তোলা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক এবং জনগণের যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য শুধু একটি রুট পুনরায় চালু করা নয়, বরং আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ বৃদ্ধি, নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক পরিসরে দেশের অবস্থান আরও শক্তিশালী করা।

Scroll to Top