ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিন সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচন কমিশনের তথ্যমতে, ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে এ পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তপশিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পান।
সংসদীয় আসনের আনুপাতিক বণ্টন অনুযায়ী, বিএনপি পাবে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন— নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মনিরা শারমিন, ডা. মাহমুদা আলম মিতু, ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
নির্বাচন কমিশনের পরবর্তী ধাপ অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।











