March 14, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, “কর্মস্থলে থেকে শুরু করে সবখানে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ, কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটজাত ব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি। পাটজাত পণ্যের এত বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে প্রত্যক্ষ করলাম।”

বুধবার (১১ মার্চ, ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা ও উৎসাহিত করা, যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা থাকবে। সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে। তা এগিয়ে নিতে কী সমস্যা আছে, সে সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নেব।”

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার স্টল পরিদর্শন করে পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার বিষয়ে আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ আয়োজন করে। মেলায় মোট ৭২টি স্টল স্থাপন করা হয়েছে, অধিকাংশ স্টল বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জেডিপিসি’র প্রশিক্ষিত উদ্যোক্তাদের তৈরি। এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

Scroll to Top