ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে।

শনিবার (৭ মার্চ, ২০২৬) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আজকের এই আয়োজন দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং সামাজিক ও পারিবারিক নিবিড় সম্পর্কের প্রতিফলন।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন বিদ্যমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষের যৌথ ত্যাগের অমোচনীয় স্মৃতি আজও দুই জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভার্মা বলেন, ইফতার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
তিনি উল্লেখ করেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
হাইকমিশনার বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র মাস শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। তিনি বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও উদারতার এক বিশেষ সময়।











