ডেস্ক রিপোর্টঃ
নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত “Silicon River USA Roadshow 2026”-এর সিলিকন ভ্যালি পর্বে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (Bangladesh Semiconductor Industry Association (BSIA)) আয়োজিত এই কর্মসূচিতে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞরা অংশ নেন।

এই রোডশোতে অংশগ্রহণ করে নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং কার্যক্রমে যুক্ত হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং BSIA-এর প্রেসিডেন্ট মি. এম. এ. জাব্বার প্রতিনিধিদলের অংশ হিসেবে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন। তিনি বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

রোডশো চলাকালে প্রতিনিধিদল বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানির সঙ্গে আলোচনা করে। এর মধ্যে ছিল SanDisk, GlobalFoundries, Synopsys, Intel, Arm, Credo Technology, Yield Engineering Systems (YES) এবং UC Berkeley SkyDeck। এসব বৈঠকে সেমিকন্ডাক্টর ডিজাইন, অ্যাডভান্সড প্যাকেজিং, গবেষণা সহযোগিতা, কর্মশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক প্রযুক্তি অংশীদারিত্ব নিয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো আলোচনা করা হয়।

নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড জানায়, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশকে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ডিজাইন ও প্রযুক্তি হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ভবিষ্যতেও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করে বাংলাদেশে একটি টেকসই, উদ্ভাবনী এবং প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।











