April 25, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মানোন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনেসকো ঢাকার একটি প্রতিনিধিদল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদল গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ইউনেসকোর পক্ষ থেকে জানানো হয়, তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে নারী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। সংস্থাটির বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে বাংলাদেশের পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশ, তথ্যপ্রবাহের বর্তমান অবস্থা এবং উদীয়মান চ্যালেঞ্জ নিয়েও মতবিনিময় হয়। এ সময় পেশাদার সাংবাদিকতা শক্তিশালী করা, মিডিয়া ও তথ্য সাক্ষরতা (Media and Information Literacy) উন্নয়ন এবং তথ্যের সঠিকতা নিশ্চিত করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

এছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যম ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গির গুরুত্বও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশে একটি স্বাধীন, নিরাপদ ও বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত সংলাপ ও অংশীদারিত্ব অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেসকোর প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ, যোগাযোগ ও তথ্য বিভাগের প্রধান ফারহানা শাহনাজ, বিজ্ঞান বিভাগের প্রধান খালিদ বিন মাসুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

Scroll to Top