ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) সোমবার (১৫ জুন, ২০২৬) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ জনস্বাস্থ্য, গবেষণা এবং স্বাস্থ্যখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন ফরাসি রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে আগামী ২৫ জুন প্যারিসে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের “One Health and Beyond” সভায় অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর আসন্ন সফরকে স্বাগত জানান এবং এ উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন।
উল্লেখ্য, “One Health and Beyond” উদ্যোগটি ২০২৬ সালের এপ্রিল মাসে ফ্রান্সে অনুষ্ঠিত One Health Summit-এর ধারাবাহিকতায় গৃহীত হয়েছে। এর লক্ষ্য হলো মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য এবং পরিবেশগত স্থায়িত্বের মধ্যে সমন্বিত ‘ওয়ান হেলথ’ (One Health) ধারণাকে আরও শক্তিশালী করা এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রক্রিয়াসহ বৈশ্বিক নীতিনির্ধারণ কাঠামোতে এর কার্যকর সংযুক্তি নিশ্চিত করা।











