ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে উদ্ভাবন, বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি এবং দক্ষ ও কার্যকর শাসনব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।
রোববার (৯ আগস্ট) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অ্যামচেম আয়োজিত ‘Accelerating Bangladesh’s Digital Future: Policy Priorities for Innovation, Investment & ICT-Led Growth’ শীর্ষক নীতিসংলাপে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পোস্ট, টেলিযোগাযোগ, আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ডিজিটাল খাতের বিকাশে নীতিগত স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি ডিজিটাল পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট (PE) বিধানের বিষয়ে আরও স্পষ্টতা আনা, আইএসপির ওপর বর্ধিত টার্নওভার কর পুনর্বিবেচনা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর আন্তর্জাতিক পেমেন্ট সহজ করার আহ্বান জানান।
তিনি বলেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হলে বাংলাদেশে আরও প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ আইসিটি ও টেলিযোগাযোগ খাতে সরকারের পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদি কর কাঠামোর আওতায় ধারাবাহিক নীতি, উন্নত ও নিরবচ্ছিন্ন সংযোগ ব্যবস্থা, ‘One Citizen, One ID, One Digital Wallet’ ধারণার আওতায় ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-উপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন সম্প্রসারণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বিনিয়োগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অ্যামচেমের আইসিটি সাবকমিটির চেয়ার রুবাবা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত নীতিসংলাপে অ্যামচেমের আইসিটি খাতের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা, নীতিগত চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ, সাইবার নিরাপত্তা এবং আইসিটি-নির্ভর প্রবৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যামচেমের ভাইস প্রেসিডেন্ট ও মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমেদ। নীতিসংলাপটি সহযোগিতা করে সিসকো।











