May 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সাথে স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশের সাথে স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং ইন্দোনেশিয়াকে আঞ্চলিক স্বাস্থ্যসেবা গন্তব্য হিসেবে তুলে ধরতে ঢাকায় সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়া দূতাবাস (কেবিআরআই ঢাকা)। ৭-৯ মে ২০২৬ অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো”-তে অংশ নেয় ইন্দোনেশিয়ার চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল।

এই আয়োজনে অংশ নেয় ড. চিপ্টো মাঙ্গুনকুসুমো ন্যাশনাল রেফারেল হাসপাতাল (RSCM), হারাপান কিতা ন্যাশনাল কার্ডিওভাসকুলার সেন্টার, ধর্মাইস ন্যাশনাল ক্যান্সার হাসপাতাল এবং সিলোয়াম হসপিটালস গ্রুপের প্রতিনিধিরা।

স্বাস্থ্যখাতে অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে কেবিআরআই ঢাকা বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক, পরিদর্শন এবং নেটওয়ার্কিং কার্যক্রমের আয়োজন করে। একইসঙ্গে “বিজনেস গ্যাদারিং অ্যান্ড নেটওয়ার্কিং সেশন”-এর মাধ্যমে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য পর্যটন খাতকে তুলে ধরা হয়।

৭ মে আয়োজিত বিজনেস গ্যাদারিং অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি (Listyowati)

বলেন, “এই সফর শুধু ইন্দোনেশিয়ার স্বাস্থ্যসেবার মান তুলে ধরার জন্য নয়, বরং দুই দেশের মধ্যে সেতুবন্ধন এবং অংশীদারিত্ব আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”

তিনি আরও বলেন, “এই সফরের মাধ্যমে দুই দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সক্ষমতা উন্নয়ন, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সেরা চর্চা বিনিময়, প্রতিনিধি সফর এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা সম্ভব হবে। পাশাপাশি এটি চিকিৎসাসেবা, স্বাস্থ্য পর্যটন ও স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নে বাস্তবভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।”

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও হাসপাতাল প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণে বাস্তবধর্মী স্বাস্থ্য সহযোগিতা কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া কেবিআরআই ঢাকা ইন্দোনেশিয়ান প্রতিনিধিদলের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিদর্শনেরও ব্যবস্থা করে। এর মধ্যে ছিল ইউনাইটেড হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল।

ইন্দোনেশিয়ার মেডিকেল ট্যুরিজম খাতের প্রসারে ৮ মে সিলোয়াম হসপিটালস গ্রুপ এবং জিডি অ্যাসিস্ট বাংলাদেশ-এর মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে চিকিৎসা গন্তব্য হিসেবে ইন্দোনেশিয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

সার্বিকভাবে, ঢাকায় ইন্দোনেশিয়ান প্রতিনিধিদলের এই সফর ও কার্যক্রম ফলপ্রসূ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে স্বাস্থ্যখাতের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একাধিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Scroll to Top