ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার আগ্রহ বাড়াতে ঢাকায় শুরু হয়েছে EMGS “Study in Malaysia” Education Expo Bangladesh-2026। দুই দিনব্যাপী এই শিক্ষা মেলা রাজধানীর বনানীর হোটেল সারিনায় শুক্রবার (৮ মে, ২০২৬) শুরু হয়েছে এবং এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ. শুহাদা ওসমান। এসময় মালয়েশিয়ান প্রতিনিধিদলের প্রধান ও EMGS-এর হেড অব সাউথ এশিয়া মইন উদ্দিন আহমেদ খান, প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“Study in Malaysia” Education Expo Bangladesh-2026 মূলত একটি মাল্টি-সিটি উদ্যোগ, যার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীদের কাছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্পর্কে নির্ভরযোগ্য ও সরাসরি তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে।
এবারের এক্সপোতে অংশ নিয়েছে মালয়েশিয়ার ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যার মধ্যে রয়েছে ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামের সুযোগ তুলে ধরা হচ্ছে।
ঢাকার পর আগামী ১৩ মে রাজশাহীর দ্য গ্র্যান্ড রিভারভিউ হোটেল এবং ১৫ মে চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ে অধ্যয়ন করতে আগ্রহী বাংলাদেশি পেশাজীবীদের জন্য এই এক্সপো বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা, আন্তর্জাতিক মানের সুপারভিশন, উচ্চপ্রভাবসম্পন্ন প্রকাশনা এবং ইন্ডাস্ট্রি-সংযুক্ত গবেষণার সুযোগ রয়েছে।
এছাড়া মালয়েশিয়াকে পরিবারবান্ধব শিক্ষাগন্তব্য হিসেবে তুলে ধরে আয়োজকরা বলেন, যোগ্য শিক্ষার্থীরা নির্ভরশীল পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগও পেয়ে থাকেন। তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয়, নমনীয় শিক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী শিল্পখাত সংযোগ মালয়েশিয়াকে ক্যারিয়ার উন্নয়নের জন্য একটি বাস্তবসম্মত ও কৌশলগত গন্তব্যে পরিণত করেছে।
সরকারি সফরের অংশ হিসেবে মালয়েশিয়ান প্রতিনিধিদল আগামী ১১ মে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এছাড়া ১৮ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ–মালয়েশিয়া উচ্চশিক্ষা নেটওয়ার্কিং সেশনে অংশ নেবে তারা।
একইসঙ্গে সিক্স সিজনস হোটেলে মালয়েশিয়া সরকারের আয়োজনে একটি উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এতে EMGS-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মালয়েশিয়ার হাইকমিশনার, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
আয়োজকদের মতে, এই এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ, ভর্তি ও বৃত্তি সংক্রান্ত তথ্য, টিউশন ফি, শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া, কমপ্লায়েন্স ও ওয়েলফেয়ার সেবাসহ বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য দিকনির্দেশনা পাচ্ছেন। মালয়েশিয়া আন্তর্জাতিক মানের শিক্ষা, সাশ্রয়ী ব্যয়, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং শক্তিশালী শিল্পখাত সংযোগের মাধ্যমে বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।











