ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে রাইলে পামারট্রি (Riley Palmertree)-এর নেতৃত্বে এফবিআই প্রতিনিধিদলটি আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম ও আর্থিক অপরাধ মোকাবিলা, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা আরও জোরদার করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সাইবার প্রতারণা, আর্থিক অপরাধ এবং প্রযুক্তির অপব্যবহারজনিত অপরাধ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে এফবিআইয়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন আইজিপি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











