ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আফ্রিকা বাংলাদেশ ট্রেড শো অ্যান্ড বিজনেস সামিট | নাইজেরিয়া ২০২৬’। আগামী ৬ ও ৭ অক্টোবর আবুজার আবুজা কন্টিনেন্টাল হোটেলে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম (ABBF) আয়োজিত এবং কিংমানসা (Kingmansa)-এর উপস্থাপনায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Connecting Markets. Creating Opportunities. Building Partnerships’। এতে বাংলাদেশ, নাইজেরিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোক্তা, সরকারি প্রতিনিধি, বাণিজ্যিক সংগঠন ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের মতে, ২৩ কোটিরও বেশি জনসংখ্যার নাইজেরিয়ার বাজার বাংলাদেশের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল, ওষুধ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নির্মাণসামগ্রী এবং ভোগ্যপণ্য খাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য দেশটিতে নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ রয়েছে। একই সঙ্গে সম্মেলনের মাধ্যমে নাইজেরিয়া ও আফ্রিকার ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা তুলে ধরা হবে।
দুই দিনের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী, বিজনেস সামিট, মূল প্রবন্ধ ও বক্তব্য, পূর্বনির্ধারিত বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠক, সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মতবিনিময়, বিনিয়োগ আলোচনা, স্টার্টআপ প্রদর্শনী, Business Excellence Awards এবং পেশাজীবীদের নেটওয়ার্কিং কার্যক্রম।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে বাণিজ্য প্রতিনিধিদল, প্রদর্শক, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, চেম্বার প্রতিনিধি ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহীসহ কয়েক হাজার অংশগ্রহণকারী ও দর্শনার্থীর সমাগম হতে পারে।
ABBF-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জহিরুল হক বলেন, আফ্রিকা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বাস্তবভিত্তিক যোগাযোগ তৈরিই এ আয়োজনের প্রধান লক্ষ্য। আবুজায় ব্যবসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক প্ল্যাটফর্মে এনে উভয় অঞ্চলের বাজার সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি বাণিজ্য, বিনিয়োগ ও অংশীদারত্বে রূপান্তর করতে এ সম্মেলন ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, প্রদর্শক, ব্যবসায়িক প্রতিনিধি, স্পন্সর, বক্তা, স্টার্টআপ এবং প্রাতিষ্ঠানিক অংশীদার হিসেবে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রদর্শনী বুথ ও প্রতিনিধি আসন সীমিত হওয়ায় আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ৭ আগস্ট ২০২৬-এর মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছিল।
আফ্রিকা বাংলাদেশ বিজনেস ফোরাম (ABBF) আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি B2B ম্যাচমেকিং, বাজারে প্রবেশে সহায়তা, বাণিজ্য মিশন, বিনিয়োগ সহায়তা, ব্যবসায়িক যাচাই এবং আন্তর্জাতিক বাণিজ্যিক আয়োজনের মাধ্যমে দুই অঞ্চলের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে।











