ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) এবং পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদী ও খালপাড়ের ক্ষয়রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে প্রচলিত কংক্রিট ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হিসেবে বিন্না ঘাস ব্যবহারের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
উপস্থাপনায় জানানো হয়, বিন্না ঘাসের শক্তিশালী শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধারণ করতে সক্ষম হওয়ায় এটি নদী ও খালপাড়ের ক্ষয়রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। দেশের কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এ ঘাস ব্যবহার করে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার আলোকে বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বিন্না ঘাস ব্যবহারের বিষয়েও সভায় আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।











