ডেস্ক রিপোর্টঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সোমবার (২২ জুন ২০২৬) সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে ‘পেরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে বিছানো লাল গালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রেজেন্টেশন লাইনে তাঁর মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।











