ডেস্ক রিপোর্টঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ড. জাহেদ উর রহমান।
এছাড়াও বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশে একটি পাঠকসমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের পথ আরও সুদৃঢ় হবে।











