নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে সাংবাদিকদের জন্য ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের অঙ্গীকার করেছে দলটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার পাঠ করেন। এতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংবাদকর্মীদের কল্যাণে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
ইশতেহারে বলা হয়, সাংবাদিকদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় একটি জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন করা হবে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
বিএনপি জানায়, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পুনর্নিরীক্ষণ করা হবে এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ সেল গঠন করা হবে। এছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে বিদ্যমান রাজনৈতিক পক্ষপাতিত্ব দূর করে সুষম বণ্টন নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। এই কাঠামোর মাধ্যমে গুজব, ভুয়া খবর ও ঘৃণ্য বক্তব্য প্রতিরোধ করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা রাখার ঘোষণা দেওয়া হয়।
ইশতেহারে আরও বলা হয়, গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হামলা বা আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে সমালোচনামূলক সাংবাদিকদের নিরাপত্তা রক্ষাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে পালনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে বিএনপি।











