May 5, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে লড়াই অব্যাহত থাকবে: জাপানে প্রবাসীদের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান

দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে লড়াই অব্যাহত থাকবে: জাপানে প্রবাসীদের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’কে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে।

সোমবার (৪ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ।

ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে তাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, “১৯৪৭, ১৯৭১ ও সাম্প্রতিক আন্দোলন—প্রতিটি অধ্যায়ে দেশের মানুষের আত্মত্যাগ রয়েছে। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।”

শহীদদের স্মরণ করে তিনি বলেন, দেশের ইতিহাসে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান সমানভাবে মূল্যায়ন করতে হবে এবং সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে ফিরে কিংবা প্রবাসে থেকেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবো।”

জাপানে বসবাসরত বাংলাদেশীদের উদ্দেশ্যে তিনি দেশটির আইন-কানুন মেনে চলা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, প্রবাসীদের অংশগ্রহণ সংবর্ধনাকে অর্থবহ করেছে এবং তাদের অধিকার রক্ষায় বিরোধীদল সর্বোচ্চ ভূমিকা রাখবে।

ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি বলেন, সাম্প্রতিক গণআন্দোলন দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছে। এই অগ্রযাত্রা সফল করতে দেশে-বিদেশে সকল বাংলাদেশীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এটিএম মিছবাহুল কবির চৌধুরী, আব্দুল মালেকসহ অনেকে।

সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা সাবের আহমদ বলেন, জাপানে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে ঐক্য জোরদার এবং জাপানি সমাজে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Scroll to Top