August 9, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

Image

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এবং জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্ধারণের পাশাপাশি রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনকে সামনে রেখে জোটের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

Scroll to Top