October 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্রিটিশ হাইকমিশনারের

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কারিগরি শিক্ষা এবং এভিয়েশন খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব তুলে ধরেন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি এ খাতে সম্ভাব্য সহযোগিতা ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকটি বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

Scroll to Top