April 2, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে সারাদেশে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে সারাদেশে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Image

স্পোর্টস ডেস্কঃ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দেশের খেলাধুলাকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার একটি সমন্বিত ক্রীড়া কাঠামো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে জাতীয় ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (০১ এপ্রিল, ২০২৬) সিলেট সার্কিট হাউজে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ধাপে ধাপে সম্ভাবনাময় খেলোয়াড়কে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্যে এনে তাদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের অধিকাংশ খেলোয়াড় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সারা দেশে খেলাধুলার বিস্তার ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে খেলোয়াড়দের ভাতা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চালু করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top