April 2, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ ও মাল্টার মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদারে অঙ্গীকার

বাংলাদেশ ও মাল্টার মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদারে অঙ্গীকার

Image

ডিপ্লোমেটিক ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত মাল্টার হাইকমিশনার (নয়াদিল্লিভিত্তিক) মি. রিউবেন গাউচি বুধবার (০১ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং নতুন সরকারের অধীনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ও ব্যবসা, শিক্ষা, জেন্ডার সমতা এবং অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ঢাকায় বসেই বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য সমন্বিত ভিসা সেবা চালুর জন্য মাল্টাকে ধন্যবাদ জানান, যা সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক।

প্রতিমন্ত্রী ও হাইকমিশনার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রেই রাজনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন কামনা করেন।

উভয় পক্ষ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বের ওপর জোর দেন, যা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়কালে তারা শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top