March 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে দেশবাসী ও বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে দেশবাসী ও বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

Image

মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্তির পর দেশবাসীসহ দেশ-বিদেশের শুভানুধ্যায়ী, সরকার, কূটনীতিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, এই শোকের সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সমবেদনা ও দোয়া পাওয়া গেছে, তা জিয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি উল্লেখ করেন, এই দিনগুলোতে আরও স্পষ্ট হয়েছে যে বেগম খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ ও প্রেরণার প্রতীক ছিলেন। অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতা ও বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থানের অনুপ্রেরণা, যা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমাজের নানা স্তরে প্রভাব বিস্তার করেছে।

তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর উপদেষ্টা পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাঁদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে বেগম খালেদা জিয়ার অন্তিম আচার সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক এবং বৈশ্বিক অংশীদারদের সহমর্মিতা ও সংহতির জন্য তিনি ধন্যবাদ জানান। জানাজায় বিভিন্ন দেশের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, সমবেদনার বার্তা, শোক বইয়ে লেখা অনুভূতি, সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশন ও প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতিকে তিনি অভূতপূর্ব সম্মান হিসেবে উল্লেখ করেন।

তিনি সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ববোধ ও শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম বেগম খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার প্রতিফলন।

পাশাপাশি, পর্দার আড়ালে থেকে যাঁরা নীরবে দায়িত্ব পালন করেছেন—তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতি মর্যাদার সঙ্গে দেশনেত্রীর স্মৃতিকে ধারণ করতে পেরেছে।

সবশেষে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর অভিবাদন জানিয়ে বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শ্রদ্ধা জিয়া পরিবারের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

Scroll to Top