May 17, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • শিক্ষার্থীদের মাঝে সুস্থ শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ এগিয়ে যাবে: পার্বত্য মন্ত্রী

শিক্ষার্থীদের মাঝে সুস্থ শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ এগিয়ে যাবে: পার্বত্য মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, শিক্ষার্থীদের মাঝে সুস্থ শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে সুস্থ প্রতিযোগিতার বিকাশ ঘটানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৬ মে, ২০২৬) রাঙ্গামাটি জিমনেসিয়াম হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিজয়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আজ যারা উপজেলা পর্যায় থেকে বিজয়ী হয়ে জেলায় এসেছ, আশা করছি তোমরাই জেলা থেকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে এবং জাতীয় ট্রফি নিয়ে ঘরে ফিরবে। তোমরাই পার্বত্য চট্টগ্রামের মান উজ্জ্বল করবে।”

এদিকে, রাঙ্গামাটি জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মূল সড়কের পাশে জেলার ‘অনলাইন বাস টার্মিনাল’, ‘সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস’ এবং ‘ট্রাফিক সচেতনতা কর্মসূচি’র উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাস টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত ট্রাফিক সচেতনতা কার্যক্রমে আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের ফলে যানবাহন সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে সংরক্ষিত থাকবে।

জেলা পুলিশের এই যুগোপযোগী ও আধুনিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।

Scroll to Top