ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও বিশেষ দূত সুজুকি নরিকাজু-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাপান সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান দেশটির কৃষিমন্ত্রী। তিনি বাংলাদেশ ও জাপান-এর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জাপানি বিশেষ দূত বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধির আগ্রহ প্রকাশের পাশাপাশি কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যে কৃষি, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল খাতে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া জাপানে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ জনবল পাঠানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। জাপানি প্রতিনিধি দল এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করে।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জবাবে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপানে সরকারি সফরের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষি ও রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।











